দিনাজপুর প্রতিনিধি: টানা দ্বিতীয় দিন সর্বনিম্ন তাপমাত্রার কারণে কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। গত এক সপ্তাহে দিনাজপুরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। সেই সঙ্গে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ক্রমাগত এমন শীত আগে দেখেনি এ জেলার বাসিন্দারা।
২৯ জানুয়ারি সোমবার সকাল ৯টায় দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সকাল ৬টায় জেলায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গতকাল (রোববার) দিনাজপুরে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল গতকালের দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে মৃদু থেকে মাঝারি এবং পরবর্তীতে তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দিনাজপুর। একটানা এমন শীত আগে দেখেননি জেলার বাসিন্দারা। দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কাশিমপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম। তিনি বলেন, আগে মাঘ মাসে মাঝেমধ্যে এমন শীত দেখা যেত। আর সকালে এবং সন্ধ্যার পর থেকে রাতে শীত বাড়ত।
তবে সূর্য উঠত নিয়মিত। তাপমাত্রা কখনও ১০ ডিগ্রি হলে পরেরদিনই ১৫ ডিগ্রি হতো। এভাবে কমবেশি হতো। কিন্তু এবার এক সপ্তাহ থেকে লাগাতার ১০ ডিগ্রি নিচে তাপমাত্রা। এমন শীত আগে দেখিনি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩, ২৬ জানুয়ারি শুক্রবার ৭ দশমিক ৩, ২৭ জানুয়ারি শনিবার ৮ দশমিক ২ , ২৮ জানুয়ারি রোববার ৫ দশমিক ৩ এবং ২৯ জানুয়ারি সোমবার ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, দিনাজপুরের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।

























