চট্টগ্রাম ব্যুরো: || : চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ হামজার টিলা এলাকায় মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ার (৭৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন দেশে অবস্থান করছেন। জানা যায়, জহুরুল আনোয়ারকে নিজ বাসার সিঁড়ির নিচের অংশে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের ছেলে খালেদ জানান, তাঁর পিতা জহুরুল আনোয়ার সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, প্রাথমিকভাবে জানা গেছে- নিহত মুক্তিযোদ্ধা এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পাশাপাশি জমি-জমা সংক্রান্ত দেওয়ানি মামলায় জড়িত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ে রশি টাঙিয়ে নিচতলায় ঝুলে পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত
























