চট্টগ্রাম ব্যুরো : || : চট্টগ্রামের ফটিকছড়িতে সাংবাদিকদের ধারাবাহিক হুমকি, শারীরিক লাঞ্ছনা এবং অশালীন ব্যবহারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ জুন রবিবার ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিবিরহাট বাসস্ট্যান্ডে ক্লাব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তারা জানান, মাসখানেক আগে সাংবাদিক সালাউদ্দিন ঝিকু এবং পরবর্তীতে সাংবাদিক নুরুল আবছার নূরী পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তার শিকার হন। সর্বশেষ গত ১৯ জুন যুবদল নেতা আহমদ রশিদ চৌধুরীর হাতে সাংবাদিক শাহনেওয়াজ নাজিম লাঞ্ছিত হওয়ার ঘটনায় এলাকায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—সহ-সভাপতি আক্কাস আলী ও ইকবাল হোসেন মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মনসুর ও মোহাম্মদ জিপন উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন জিকু। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ধারাবাহিকভাবে হুমকি দেওয়া, লাঞ্ছিত করা এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করছে। এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিক নেতারা অনতিবিলম্বে এসব ঘটনায় জড়িত যুবদল নেতাসহ সকল দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সভায় সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—সাংবাদিক রফিকুল ইসলাম, মোহাম্মদ সেলিম, ওবায়দুল আকবর রুবেল, ইউসুফ আরাফাত, মোহাম্মদ সাইফুল, নুরুল আবছার নূরী, নাজমুল তারেক, নেজাম উদ্দিন প্রমুখ। সভায় ফটিকছড়িতে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক দৈনিক ও অনলাইন পোর্টালের প্রতিনিধিরা অংশ নিয়ে কর্মস্থলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
























