চট্টগ্রাম ব্যুরো ● প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট, রোববার তিনি ফটিকছড়ি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় (আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা) গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময় করবেন এবং দোয়া নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসূচি চূড়ান্ত হওয়ার পর চট্টগ্রাম জেলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বৃহত্তর ফটিকছড়িতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যখন ফটিকছড়িতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, ঠিক তখনই উপজেলার দাঁতমারা, বাগানবাজার ও ভূজপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর সাম্প্রতিক অবস্থান নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, গত কয়েকদিনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় এক ডজন নেতাকর্মী হঠাৎ করে বিভিন্ন এলাকায় অবস্থান নিতে শুরু করেছেন। বিশেষ করে দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েকজন নেতার প্রকাশ্য চলাচল স্থানীয়দের নজরে এসেছে বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর সফর এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে ফটিকছড়ি ও ভূজপুর থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের গোপন বৈঠক, নাশকতার পরিকল্পনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশ ও যৌথ বাহিনীর নজরদারির পাশাপাশি অভিযানও চলছে। এরই মধ্যে গত ৬ আগস্ট রাতে বাগানবাজার ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা রমজান আলীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই দিনে ভূজপুর এলাকা থেকে ‘রাসু মেম্বার’ নামে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দাঁতমারা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ শিপন গত ৫ আগষ্ঠ থেকে বান্দরমারা এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। একই ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অবস্থান করছেন সাবেক ছাত্রলীগ সভাপতি হানিফ সরকার। এ ছাড়া দাঁতমারা ইউনিয়নের পলাতক চেয়ারম্যানের বাড়ির আশপাশে গত কয়েকদিন ধরে যাতায়াত করছেন ইউনিয়ন যুবলীগের নেতা ও ২ নম্বর নিচিন্তা ওয়ার্ডের ইউপি সদস্য পারভেজ মেম্বারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোহাম্মদ ইউনুস। স্থানীয়দের কেউ কেউ বলছেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একসঙ্গে এলাকায় অবস্থান নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর সফরের আগে নতুন করে কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। স্থানীয় পর্যায়ে আলোচিত আওয়ামী লীগ নেতাদের অবস্থান বিষয়েও সংশ্লিষ্ট থানার পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কোন নেতা-কর্মী যেন কোনো গোপন বৈঠক বা নাশকতার পরিকল্পনা করতে না পারে সেজন্য ভূজপুর থানা পুলিশ বা যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। আলোচিত আওয়ামী লীগ নেতাদের অবস্থান বিষয়ে কোন তথ্য তাদের জানা নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত



















