চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা-এ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাট পরিচালনা নিয়ে দেখা দিয়েছে চরম বিতর্ক। সাপ্তাহিক দুই দিনের জন্য ইজারা দেওয়া ফকিরনীর হাটকে অতিরিক্ত পাঁচ দিন অস্থায়ীভাবে পশুর হাট বসানোর অনুমতি দেওয়ায় অন্যান্য হাটের ইজারাদারদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারা এই সিদ্ধান্তকে “তুঘলগি কাণ্ড” আখ্যা দিয়ে অবিলম্বে অনুমতি বাতিলের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দীর্ঘমেয়াদি যানজট ও জনভোগান্তির আশঙ্কাও করছেন স্থানীয়রা। স্থানীয় ইজারাদারদের দাবি, নিয়ম বহির্ভূত এ সিদ্ধান্তের কারণে সরকারের তালিকাভুক্ত মইজ্জ্যারটেক পশুর হাটের প্রায় সাড়ে ৪ কোটি টাকার বিনিয়োগ এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। মইজ্জ্যারটেক পশুর হাটের ইজারাদার মো. আলমগীর চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করে জানান, কোরবানির মৌসুম সামনে রেখে হাট ইজারা, ভ্যাট, ট্যাক্স ও আনুষঙ্গিক খরচসহ ইতোমধ্যে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রচলিত স্থায়ী দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে তারা হাটের ইজারা গ্রহণ করেন। কিন্তু হঠাৎ করে খুব কাছাকাছি এলাকায় আরেকটি বড় অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়ায় তাদের ব্যবসায়িক অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট সাপ্তাহিক দুই দিনের জন্য ইজারা দেওয়া হলেও ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত পাঁচ দিন অস্থায়ী পশুর হাট পরিচালনার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ফকিরনীর হাট সংলগ্ন দুটি ব্যক্তিমালিকানাধীন খালি জায়গায় অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর আবেদন অনুমোদন করা হয়েছে। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর ১৫(১) ধারা অনুযায়ী আগামী ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত, অর্থাৎ ঈদের আগের শেষ পাঁচ দিন হাট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলার অন্যান্য পশুর হাটের ইজারাদাররা। তাদের দাবি, নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত দিন হাট পরিচালনার সুযোগ দেওয়া হলে বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট হবে এবং বড় অঙ্কের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। কারণ মাত্র দুই কিলোমিটারের মধ্যে চারটি পশুর হাট রয়েছে। স্থানীয় বাসিন্দারাও দীর্ঘ সময় পশুর হাট বসানোর কারণে সড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তারা আগাম পরিকল্পনা ও সুনির্দিষ্ট স্থান নির্ধারণের মাধ্যমে হাট ব্যবস্থাপনার দাবি জানান। এদিকে ফকিরনীর হাট সংশ্লিষ্ট ইমরান সেলিম বলেন, প্রশাসনের পক্ষ থেকে পূর্বনির্ধারিত স্থান না পাওয়ায় তারা ব্যক্তিমালিকানাধীন জমি ভাড়া নিয়ে হাট পরিচালনার উদ্যোগ নিয়েছেন। নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সুযোগ না পেলে তাদের আর্থিক ক্ষতির ঝুঁকি থাকত বলেও দাবি করেন তিনি।সূত্র জানায়, কর্ণফুলী উপজেলার দুই কিলোমিটারের মধ্যে চারটি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। প্রতিটি হাট সপ্তাহে দুই দিন বসার নিয়ম থাকলেও একটি হাটকে টানা পাঁচ দিনের অনুমতি দেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে অন্যান্য ইজারাদারদের মধ্যে। জানা গেছে, ইজারাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন দিনের সুপারিশ করলেও পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান পাঁচ দিনের অনুমতি প্রদান করেন। এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কুমার রুদ্র বলেন, আবেদনকৃত স্থানটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা হওয়ায় পরবর্তীতে ব্যক্তি মালিকানাধীন দুটি জায়গায় সাত দিনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পরে প্রশাসন পাঁচ দিনের অনুমতি দেয়। উপজেলা প্রশাসনের আবেদনে উল্লেখ করা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ফকিরনীর হাট সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খালি মাঠে ২০ মে, ২৪ মে ও ২৭ মে মোট তিন দিন অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারাদার মো. রাজু আহমেদ আবেদন করেছিলেন। বিষয়টি বিবেচনার জন্য জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। অন্যদিকে জেলা প্রশাসনের অনুমতিপত্রে বলা হয়, ফকিরনীর হাট সংলগ্ন দুইটি ব্যক্তি মালিকানাধীন খালি জায়গায় ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর ১৫(১) ধারা অনুযায়ী শর্তসাপেক্ষে ঈদুল আজহার আগের শেষ পাঁচ দিন অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, উপজেলা প্রশাসন থেকে যে সুপারিশ পাঠানো হয়েছে, সেটির ভিত্তিতেই অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি মূলত উপজেলা প্রশাসন দেখভাল করছে।
০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















