বগুড়া প্রতিনিধি: বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার গায়ে পুলিশের বুলেটপ্রুপ জ্যাকেট পরা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনায় বগুড়ার ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
৭ নভেম্বর মঙ্গলবার ওই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। ছবির পোস্টদাতা সাজেদুল ইসলাম ধুনট উপজেলার নীমগাছী ইউনিয়নের নানজার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে গত ৩১ অক্টোবর বুলেটপ্রুপ জ্যাকেট পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন। বুলেটপ্রুপ জ্যাকেট পরা ওই ছবি পোস্টটির বিষটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে পরদিন তাকে আটক করে ধুনট থানা পুলিশ। জানা গেছে, ওই বুলেটপ্রুপ জ্যাকেটটি ছিল উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের।
পুলিশ জানিয়েছে, গত ৩১ অক্টোবর দুপুরের দিকে এসআই শহিদুল পুলিশের কয়েকজন সদস্য নিয়ে অবরোধের সময় উপজেলার সোনাহাটা বাজার এলাকায় দায়িত্ব পালনের সময় বুলেটপ্রুপ জ্যাকেটটি খুলে সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলে রাখেন। সেখানে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলামও ছিলেন। সাজেদুল সবার সবার অগোচরে জ্যাকেটটি পরে একটি ছবি তোলেন। পরে তিনি সেই ছবি ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ছবিটি চারিদিকে ছড়িয়ে পড়লে নানা ধরনের নেতিবাচক মন্তব্যও লেখেন ফেসবুক ব্যবহারকারীরা। পরে সাজেদুল ওই পোস্ট মুছে ফেলেনএবং ভুল স্বীকার করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দায়িত্বে অবহেলার জন্য এসআই শহিদুলকে ওই দিনই প্রত্যাহার করা হয়েছিল। সাজেদুল তার ভুল স্বীকার করায় তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ জন্য এমন কাজ আর করবে না মর্মে তার বাবার জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


























