১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন চুয়েট ভিসি

  • আপডেট: ১২:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • 10

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজের কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার ১২ অক্টোবর সকালে ক্যাম্পাসে এসে তিনি উপাচার্য ভবনে নিজের কার্যালয়ে যান। তিনি ২৪ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য হিসেবে দাপ্তরিকভাবে যোগদান করলেও এতোদিন অফিস করতে পারেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন উপাচার্য। গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন তারা। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। দীর্ঘদিনের এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যেই নতুন উপাচার্যের কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে ক্যাম্পাসের পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। এদিকে নতুন উপাচার্য কার্যালয়ে প্রবেশের খবর পেয়ে সকাল ৯টার দিকে ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক আট থেকে ১০ জন শিক্ষার্থী নতুন উপাচার্যের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইনসহ সংগঠনটির নেতারা নতুন উপাচার্যকে বরণ করে নেন। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে অপসারণ করে একই দিন অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক সায়েম দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় অপসারিত হন বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে। অধ্যাপক শেখ শরীফুল আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক।

সর্বাধিক পঠিত