চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। নথিগুলোর খোঁজ না পাওয়ায় গতকাল রবিবার (৫ জানুয়ারি) নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার সকালে। জিডিতে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখার জন্য আবেদন করা হলো। সরকারি কৌঁসুলি মফিজুল হক ভুঁইয়া বলেন, কে বা কারা আদালতে আমার অফিসের সামনে রাখা ১ হাজার ৯১১ মামলার নথি নিয়ে গেছে। আমার কক্ষে জায়গা না থাকায় গুরুত্বপূর্ণ মামলার নথিগুলো এত দিন বারান্দায় রাখা ছিল। তবে নথিগুলো আমি যোগদানের আগের মামলার। এব্যাপারে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, মহানগর পিপির কার্যালয়ের সামনে রাখা ১ হাজার ৯১১ মামলার নথি হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

















