মিশু দাশ : শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। আগামী ১ জানুয়ারি বুধবার উদ্বোধন হবে ২০২৫ সালের ২৯ তম বাণিজ্য মেলা, চলবে মাসব্যাপী। এরই মধ্যে মেলার প্রায় ৯০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই বাণিজ্যমেলায় নতুন কিছু সংযোজন থাকে। এরই ধারাবাহিকতায় এবার জুলাই-আগস্টের অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে সামনে রেখে সাজানো হবে মেলা প্রাঙ্গণ। আন্দোলনে নিহতদের সম্মান জানাতে থাকছে এবছর মেলায় আন্দোলনে শহিদ ‘আবু সাঈদ’ ও ‘মীর মুগ্ধের’ নামে দুটি কর্নার রাখা হচ্ছে। একইসঙ্গে যুবকদের জন্য একটি ‘ইয়ুথ প্যাভিলিয়ন’ থাকবে। তবে বিগত বছরগুলোর মতো এবারের বাণিজ্যমেলায় থাকবেনা বঙ্গবন্ধু কর্নার। রফতারি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট’র ৫৯তম পরিচালনা পর্ষদ সভা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম দিন বুধবার মাসব্যাপী বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইপিবি জানিয়েছে, গত কয়েক বছরের মতো এবছরও রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) বাণিজ্যমেলার স্থায়ী স্থানে অনুষ্ঠিত হবে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫। এরইমধ্যে বাণিজ্যমেলা আয়োজনের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা বলছেন, এবারের আসরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ নেওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে স্টল থাকবে ৩৫০টি। মেলার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালতও। এছাড়া দর্শনার্থীদের ভোগান্তি এড়াতে মেলা প্রাঙ্গণে বৃহৎ পরিসরে পার্কিং সুবিধা রাখা হচ্ছে। ইপিবির পরিচালক মাহমুদুল হাসান জানিয়েছেন, এ বছর মেলার প্রবেশদ্বারে ভিন্নতা আনা হচ্ছে। প্রবেশ দ্বারে থাকছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের থিম। এ বছর সশরীরে টিকিট কেনার পাশাপাশি এবারের মেলায় থাকছে অনলাইনে টিকিট ক্রয়েরও সুযোগ। প্রথমবারের মতো নেওয়া এ উদ্যোগের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, এরই মধ্যে আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। ই-টিকিটিং হলে দর্শনার্থীরা মোবাইলে কিউআর কোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন। অনলাইনের এ সেবার মাধ্যমে দর্শনার্থীরা যেখান থেকে খুশি অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। বাণিজ্যমেলার পরিচালক বলেন, গত বছরের মতো এবারও মেলায় প্রবেশমূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৫ টাকা থাকছে। দর্শনার্থীদের সুবিধার জন্য এবারও থাকছে বিআরটিসির বাস সার্ভিস। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলা পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বাসগুলো চলাচল করবে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, আশা করছি নতুন বছরের প্রথম দিন রাজধানীতে শুরু হবে মাসব্যাপী বাণিজ্য মেলা। যেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















