ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : রাজধানীর অন্তত পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ২৭ নভেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত এসব বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। সর্বশেষ রাত পৌনে ১১টার দিকে সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন। তিনি জানান, হোস্টেলের সাইনবোর্ড লক্ষ্য করে ককটেলটি ছোড়া হয়। এতে কেউ হতাহত হননি। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ। এর আগে, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডির রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। তিনি জানান, শাহ আলী প্লাজার বিপরীত পাশে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হননি। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করেও আটক করতে পারেননি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশা প্রকাশ করেন তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তার নাম মিজান ওরফে মিজু। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় অন্যদের বিষয়েও জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারীর আবেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই সময় বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।





















