চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তাদের লক্ষ্যবস্তু ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বৃহস্পতিবার ৫ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে এসব পেট্রলবোমা নিক্ষেপ করা হয় বলে জানায় পুলিশ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুটি সরকারি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এলজিইডি কার্যালয়ের সামনে পড়ার পর পেট্রল বোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। তবে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমা ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন। ওসি আরও বলেন, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল অথবা গাড়িতে করে পেট্রলবোমাগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ।
০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:















