০৯:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসারের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে অনেক, বড় চাপ নিম্ন-মধ্যবিত্তে

  • আপডেট: ১২:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • 31

তপন তালুকদার | সূর্যোদয় : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রান্নার জ্বালানি এলপিজির খরচ। ফলে সংসারের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে অনেক।ব র্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি মেলাতে গিয়ে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো। এছাড়াও বর্তমান বাজারে শুধু একটি আয়ের ওপর নির্ভর করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সর্বশেষ মূল্য সমন্বয় অনুযায়ী, চলতি বছরের ২ নভেম্বর থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। এর আগে ৪ অক্টোবর দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বেড়েছে ২২৩ টাকা। সেপ্টেম্বর মাসে নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সব মিলিয়ে দুই মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা। এদিকে, সরকারি নির্ধারিত দামেও সব জায়গায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সরবরাহ সংকট ও বাড়তি দামের কারণে অনেক ক্রেতাকে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিতে হচ্ছে। ফলে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে কোথাও কোথাও ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এতে মাসে একটি সিলিন্ডার ব্যবহার করা পরিবারগুলোরও বাড়তি চাপ তৈরি হয়েছে। বাড়িভাড়া, পড়ালেখা, চিকিৎসা ও বাজার খরচ মেটানোর পর মাস শেষে খুব একটা টাকা রাজধানীর মধ্যবিত্ত পরিবারের থাকে না। মধ্যবিত্ত পরিবারের এক সদস্য বলেন, আয় আগের মতোই আছে, অথচ প্রতিটি খাতে খরচ বেড়েছে। সিলিন্ডার কিনতেই এখন বাড়তি টাকা রাখতে হচ্ছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, বাংলাদেশের এলপিজি বাজারের প্রায় পুরোটাই বেসরকারি খাতনির্ভর। দেশে প্রায় এক কোটি গ্রাহক এলপিজি ব্যবহার করেন, যার প্রায় ৮০ শতাংশই ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে। ফলে এলপিজির দাম ও সরবরাহে অস্থিরতা তৈরি হলে সরাসরি প্রভাব পড়ে বিপুলসংখ্যক পরিবারের ওপর। তিনি বলেন, এলপিজির মূল্যবৃদ্ধি এখন শুধু জ্বালানি খাতের সমস্যা নয়, এটি মধ্যবিত্তের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসেও প্রভাব ফেলছে। সীমিত আয়ের পরিবারগুলোর জন্য কয়েকশ টাকা বাড়তি ব্যয়ও বড় চাপ তৈরি করছে। সেই চাপ সামলাতে গিয়ে অনেক পরিবারকে রান্নার পদের সংখ্যা কমানোসহ খাবারের তালিকায় কাটছাঁট করতে হচ্ছে।

সর্বাধিক পঠিত