চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : ফটিকছড়ি উত্তর উপজেলার ছোট বেতুয়া এলাকা থেকে পাচারের সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চোরাই রাবার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২০ অক্টোবর সকাল ৭টার দিকে দাঁতমারা ইউনিয়নের ছোট বেতুয়া এলাকা থেকে রাবারবোঝাই একটি কভার ভ্যান আটক করা হয়। এ সময় গাড়ির চালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন: দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ মুন্সিপাড়া এলাকার আজমখানের ছেলে আমির হোসেন (২৩), একই এলাকার রফিকুলের ছেলে শহিদুল ইসলাম (২১) এবং ভোলার চরফ্যাশন এলাকার হাবিবুল্লাহর ছেলে মোহাম্মদ সেলিম (৩১)। সেলিম কভার ভ্যানটির চালক বলে জানা গেছে। অন্য দুজন রাবার চোর সিন্ডিকেটের সদস্য। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতমারা পুলিশের আইসি মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রো-ন ২৩২৩-৩৮ নম্ব কভার ভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে আনুমানিক ৬ থেকে ৭ টন রাবার পাওয়া যায়। উদ্ধার করা রাবারের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা বলে জানাগেছে। স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার করা রাবার দাঁতমারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চুড়ামণি এলাকার দ্বীল মোহাম্মদের ছেলে জাহেদের। তিনি পুলিশে কর্মরত বলে দাবি করা হয়েছে। জাহেদের অনুপস্থিতিতে একই ইউনিয়নের হাসনাবাদ জমাদারপাড়ার রফিকের ছেলে জাহেদ চোরাই রাবার বেচাকেনা ও পাচারের দায়িত্ব পালন করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, পুলিশে কর্মরত হিসেবে পরিচিত জাহেদ ২০২৪ সালে রামগড় এলাকায় মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের পর অদৃশ্য কোন শক্তির সহযোগিতায় জাহেদ পুনরায় চাকরিতে যোগদানের সুযোগ পায়। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত বলে জানা গেছে।
উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম রাবার বাগান হিসেবে পরিচিত দাঁতমারা রাবার বাগান থেকে দীর্ঘদিন ধরে রাবার চুরির অভিযোগ রয়েছে। অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের দাবি, বাগান থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাবার চুরি হয়ে অবৈধভাবে বিক্রি ও পাচার করা হচ্ছে। এ ঘটনায় রাবার বাগানের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিনের সহায়তায় এই রাবার পাচার হচ্চিল।
১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ফটিকছড়ির দাঁতমারায় ১৫ লাখ টাকার চোরাই রাবারসহ আটক ৩
সর্বাধিক পঠিত



















