সূর্যোদয় ডেস্ক : কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। এরপর থেকেই তাকে খুঁজছিলেন পরিবারের সদস্য ও পরিচিতজনেরা। খোঁজ না পেয়ে শুক্রবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। কিন্তু পরেরদিন শনিবার দুপুরে কিশোরটির রক্তাক্ত মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশেই লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। এদিকে বিশ্ববিদ্যালয় এলাকার সিসিটিভি ক্যামেরার সিসিটিভি ফুটেজে বেলা সাড়ে তিনটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অন্য এক ব্যক্তির সঙ্গে শেষবারের মতো দেখা গিয়েছিল অপ্রতীমকে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে বলেও জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার। কুমিল্লার এই ঘটনা সারাদেশেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য করতে দেখা গেছে অনেককেই। পুলিশ বলছে, এই ঘটনায় জড়িতদের ধরতে এরইমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাইয়ের মাধ্যমে এক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই শিশুটিকে হত্যা করা হয়েছে দ্রুত তা উদঘাটন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান। এদিকে, এই ঘটনায় নিহতের পরিবরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















