চট্টগ্রাম ব্যুরো : || : সদ্য অনুমোদিত চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর স্থানান্তরের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত তিন ইউনিয়নের বাসিন্দারা। রবিবার ২৬ জুলাই থেকে টানা দুই দিন বারৈয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং মিরসরাই-ফটিকছড়ি সড়কে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল মঙ্গলবার ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক একরামুল হক। তিনি বলেন, গেজেট অনুযায়ী ফটিকছড়ি উত্তর উপজেলার নতুন সদর দপ্তর সাবেক ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপন করা হয়েছে। এতে নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হবে না এবং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তিও দূর হবে না। ৎআন্দোলনকারীদের দাবি, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী ভৌগোলিকভাবে উপযুক্ত স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করতে হবে, যাতে উত্তরাঞ্চলের সব ইউনিয়নের মানুষ সহজে প্রশাসনিক সেবা পেতে পারেন। গত ১ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার অনুমোদন দেওয়া হয়। ওই সভায় উপজেলার সদর দপ্তর ভূজপুর থানা কার্যালয়-সংলগ্ন এলাকায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, একই দাবিতে গত ১৬ জুলাই ছয় ইউনিয়নের বাসিন্দারা হরতাল পালন করেন। ওই দিন নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেঁয়াকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকায় যানবাহন চলাচল কার্যত বন্ধ ছিল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও ভূজপুর থানা যুবদলের সাবেক সভাপতি নুরুল আমীন আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের, ফটিকছড়ি উত্তর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ বি এম সিদ্দিক এবং ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ ও মো. ইমাম উদ্দিন।
০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত




















