সূর্যোদয় ডেস্ক : || : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার ২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে সিনিয়র সচিব তানভীর-আল-নাসীফের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে সাজাপ্রাপ্ত নারী কয়েদি মোছা. রিম্পা (২১) পালিয়ে যান। এই ঘটনায় জেলার শিরিন আক্তারের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা রয়েছে বলে কারা অধিদফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। কারা অধিদফতরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইনে শিরিন আক্তারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলারের বাসভবনের দক্ষিণ পাশের পেরিমিটার ওয়াল টপকিয়ে ওই নারী কয়েদি পালিয়ে যান। পরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা পর্যবেক্ষণ করে এই বিষয়ে নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ। সাজাপ্রাপ্ত ওই নারী কয়েদিকে রবিবার (১৯ জুলাই) ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-২। কারাগার থেকে নারী কয়েদি পালানোর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। কারা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে এবং বিষয়টি তদন্তে কারা অধিদপ্তর ব্যবস্থা নেয়। ওই নারী কয়েদি রাজধানীর ধানমন্ডি থানার একটি সি আর মামলায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ জুলাই থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।
১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















