সূর্যোদয় ডেস্ক : আগামীকাল ৭ জুন রোববার থেকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতে উভয়দিকে মেট্রোরেল চলাচলের সময় আরো ২০ মিনিট করে বাড়নো হচ্ছে। এর ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। এখন মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। আর উত্তরা থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টা ৫০ মিনিটে। এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়। মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, সময় বাড়ানোর আগে গত এক মাস পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। আগামীকাল থেকে যাত্রী পরিবহন শুরু হবে। তবে শুরুতে বাড়তি ২০ মিনিটে মেট্রোরেল একটি ট্রিপ দেবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, রাতে মতিঝিল থেকে ১১টায় ও উত্তরা থেখে রাত ১০টার পরে সর্বশেষ ট্রেন চালানোর একটা পরিকল্পনা ছিল। কিন্তু একসঙ্গে এত সময় বাড়ালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তাই আগামীকাল থেকে উভয় দিকে ২০ মিনিট করে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সপ্তাহের ৭ দিনই উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে। এর আগে গত বছরের অক্টোবরে মেট্রো রেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে ট্রেন চলাচল আধা ঘণ্টা আগে শুরু করা হয় এবং রাতের শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়। ঢাকায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে। বর্তমানে দৈনিক সাড়ে চার লাখ যাত্রী পরিবহন করে মেট্রোরেল।
০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















