সূর্যোদয় ডেস্ক : আবারও ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থান ফিরে পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার লা করুনিয়ার এস্তাদিও রিয়াসোরে ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্পেন। অন্যদিকে নঁতের স্তাদ দ্য লা বোজোয়ারে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় ফ্রান্স। এই দুই ফলের কারণে ফিফার সদ্য প্রকাশিত সর্বশেষ বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের পয়েন্ট এখন ১৮৭৪ দশমিক ৮১। ১৮৬৯ দশমিক ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন। তাদের অর্জিত পয়েন্ট ১৮৭৩ দশমিক ০১। গত মার্চের আন্তর্জাতিক বিরতিতে স্পেনকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ফ্রান্স। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে আর্জেন্টিনাকে সরিয়ে এক নম্বরে উঠেছিল স্পেন। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির শেষ পর্যায়ে থাকা দলগুলোর জন্য এই র্যাঙ্কিং পরিবর্তন গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তবে আর্জেন্টিনার শীর্ষে ফেরা আন্তর্জাতিক ফুটবলের একটি পুরোনো পরিসংখ্যানও সামনে নিয়ে এসেছে। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর এখন পর্যন্ত কোনো দল বিশ্বকাপে বিশ্বের এক নম্বর দল হিসেবে অংশ নিয়ে শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ বিশ্বকাপে শীর্ষ র্যাঙ্কিং নিয়ে খেলতে নেমেছিল জার্মানি, কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপে এক নম্বর দল ছিল ব্রাজিল, তবে শিরোপা জিতে নেয় স্বাগতিক ফ্রান্স। ২০০২ বিশ্বকাপে শীর্ষ র্যাঙ্কিংধারী দল ছিল ফ্রান্স, কিন্তু ট্রফি ওঠে ব্রাজিলের হাতে। একইভাবে ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ব্রাজিল। কিন্তু ওই দুই আসরে যথাক্রমে ইতালি ও স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হয়।
১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

















