০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে মাটিচাপা অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার, গ্রেফতার ৪

  • আপডেট: ০৮:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • 213

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার নকলা উপজেলায় নিখোঁজে হওয়ার দুদিন পর হত্যা করে মাটিচাপা দেওয়া অবস্থায় আসাদুজ্জামান আসাদ (১৮) নামে এক অটোরিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম) তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওইসব কথা জানান। আটককৃতরা হলেন অটোরিক্সা চোর চক্রের সদস্য। তারা নকলা উপজেলার ডাংধরাকান্দা গ্রামের মো. মজিবর মিয়ার ছেলে মো. হামিদুল ইসলাম খোকন (২৪), পূর্ব গজারিয়া গ্রামের মো. আবু হানিফের ছেলে মো. নূর নবী (২১), ধনাকুশা গ্রামের মৃত আশকর আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম এমসি জাহিদ (২২) ও ইশিবপুর গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২৪)। আর নিহত ইজিবাইক চালক আসাদ দক্ষিণ নকলা এলাকার মো. ফজলুর করিমের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১২ মার্চ মঙ্গলবার ভোর ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার তিনানী বাজারস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে এসআই মুকুল সরকার অটোরিক্সা চোর সন্দেহে একটি অটোরিক্সাসহ হামিদুল ইসলাম খোকন ও মো. নূর নবী নামে ২ জন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান। তাদের জিজ্ঞাসাবাদকালে একেক সময় একেক ধরনের তথ্য দিলে সন্দেহ আরও ঘণীভূত হতে থাকে। অটোরিক্সা উদ্ধারের খবর পেয়ে নকলা থানার বাসিন্দা মো. ফজলুর করিম নালিতাবাড়ী থানায় গিয়ে জানান যে, তার ছেলে অটোরিক্সা চালক আসাদুজ্জামান আসাদ গত ১১ মার্চ অটোরিকক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে ফজলুর রহমানকে পুলিশের উদ্ধারকৃত অটোরিক্সা ও একটি মোবাইল ফোন দেখানো হলে সেগুলো তার ছেলের বলে শনাক্ত করেন। পরে আটককৃতদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তারা দু জনসহ জাহিদুল ইসলাম এমসি জাহিদ ও মিলন মিয়া- এ ৪ জন মিলে আসাদুজ্জামান আসাদের অটোরিক্সা ছিনতাই ও ছিনতাইয়ে বাধা দেয়ায় তাকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার বিষয়টি স্বীকার করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম আসাদুজ্জামান আসাদের অটোরিক্সাটি ছিনতাইয়ের ১১ মার্চ রাত ৯টার দিকে নকলা পৌরসভার নালিতাবাড়ী মোড় এলাকা থেকে অটোরিক্সাটি ভাড়া নেয় ওই ৪ জন। পরে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাত পৌণে ১১টার দিকে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা ছেফাকুড়ি ব্রিজের ২০০ গজ পূর্ব দিকে নিয়ে অটোরিক্সা ছিনতাই করার চেষ্টা করে। ওইসময় আসাদ বাধা দিলে তাকে ৪ জন মিলে হত্যা করে তার লাশ লুকানোর জন্য জনৈক খোকা মিয়ার ভরাটকৃত জমিতে মাটি চাপা দেয়। পরে ছিনতাইকৃত অটোরিক্সাটি বিক্রির উদ্দেশ্যে তিনআনী হয়ে যাওয়ার পথে অটোরিক্সার চার্জ শেষ হয়ে গেলে নালিতাবাড়ী থানার বিশেষ টিমের কাছে আটক হয় দুজন। পরে তাদের তথ্যমতে ওই ঘটনায় জড়িত আরও দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে নকলা থানা পুলিশ ভিকটিম আসাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

পুলিশ সুপার আরও জানান, ওই ঘটনায় নকলা থানায় ভিকটিম আসাদের বাবা মো. ফজলুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বাধিক পঠিত