সূর্যোদয় ডেস্ক : || : বাংলাদেশের বন্দর খাতে বিনিয়োগ বাড়িয়ে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পাশাপাশি একটি বে টার্মিনাল নির্মাণে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার ১৫ জুলাই জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিদলটি এ আগ্রহের কথা জানায়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইওসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বে টার্মিনাল নির্মাণ করতে চায়। পাশাপাশি দেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। বাংলাদেশ সফর এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য তিনি সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। জবাবে প্রতিনিধিদলের সদস্যরা সৌদি আরব সফরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আগ্রহের কথা জানান। সাক্ষাৎকালে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















