চট্টগ্রাম ব্যুরো : দেশের ৫০১ নং উপজেলা চট্টগ্রামের সদ্য ঘোষিত “ফটিকছড়ি উত্তর” উপজেলা নিকারে উপস্হাপন এবং তা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। এছাড়া সদর দপ্তর ভৌগোলিক ও প্রশাসনিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিও জানানো হয়েছে। এ সংক্রান্তে গতকাল বুধবার ৮ জলাই সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দাঁতমারা ইউনিয়নের একটি রেস্তোরাঁয় সর্বস্তরের জনসাধারণ এর ব্যানারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও জনদাবির পর ফটিকছড়ি উত্তর উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নের পথে এগোনোয় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এজন্য তারা প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, উপজেলা সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ এলাকার স্বার্থ নয়; বরং ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, প্রশাসনিক সুবিধা এবং সাধারণ মানুষের যাতায়াতের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সরেজমিন তদন্ত করে বাস্তব পরিস্থিতি যাচাই-বাছাইয়ের মাধ্যমে সর্বাধিক উপযোগী স্থানে সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়। বক্তারা আরও বলেন, একটি উপজেলার সদর দপ্তর শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র নয়; এটি শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নেরও কেন্দ্রবিন্দু। তাই অপরিকল্পিতভাবে সদর দপ্তর নির্ধারণ করা হলে ভবিষ্যতে সাধারণ মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হবে। এ কারণে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় সদর দপ্তরের স্থান চূড়ান্ত করার দাবি জানান তারা। সভায় বক্তব্য রাখেন ভুজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, বাগানবাজার ইউনিয়ন বিএনপি নেতা মো. মহিউদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. ইলিয়াস, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আহমদ ছাফা, হেয়াকো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ আজিজি, ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন, বিএনপি নেতা মো. জাহাঙ্গীর, সিদ্দিক আহমদ কালা এবং জসিম উদ্দিন।
০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















