মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত থেকে: আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে মহান ভাষা শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ জনতা ব্যাংক লি., বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ এসোসিয়েশসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ মহিলা সমিতি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের সূচনা করা হয়। মান্যবর রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ীভাবে নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক স্থাপন করা হয়।
উপস্থিত বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গও তাদের শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রদত্ত বাণীসমূহ পাঠ এবং নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন ছিলো অনুষ্ঠানের পরবর্তী আয়োজন। এছাড়াও, ভাষা শহিদদের স্মরণে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে। এসময় এক আলোচনা সভা মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে ও শ্রম কাউন্সিলার হাজেরা সাব্বির হোসেন হোসেনের পরিচালনায় অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, শওকত আকবর, নাছির উদ্দিন তালুকদার, আশীষ বডুয়া, মঈন উদ্দিন, আফতাফ হোসেন, অধ্যাপক আবু তাহের, স্বজল চৌধুরী, সহ প্রমুখ নেতৃবৃন্দ।


























