০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

  • আপডেট: ০৭:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • 23

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় সিরিয়াল কিলার হিসেবে চিহ্নিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে পুরো পৃথিবী থেকেই অবাঞ্ছিত ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এ মামলার প্রথম সাক্ষী তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আসামি জিয়াকে সেনানিবাস থেকে পারসোনা নন-গ্রাটা ঘোষণা করেছিলেন, যাতে তিনি সেনানিবাসে প্রবেশ করতে না পারেন। তবে এ ধরনের ব্যক্তিকে গোটা পৃথিবী থেকেই পারসোনা নন-গ্রাটা ঘোষণা করা উচিত। তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। তাই তাকে পৃথিবী থেকেই অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। বুধবার ২৫ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যুক্তিতর্ক গ্রহণ করে। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর আগে ২৪ নভেম্বর যুক্তিতর্ক শুরু হয়। আদালতের অনুমতি সাপেক্ষে এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। চিফ প্রসিকিউটর বলেন, “অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। বিষয়টি বোঝাতেই আমরা জিয়াউলকে দুনিয়া থেকেই পারসোনা নন-গ্রাটা করার কথা বলেছি। আক্ষরিক বা প্রতীকি অর্থে বলেছি যে, হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড। তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ১১৫ জনকে হত্যার দায়ে জিয়াউলকে এমন শাস্তি দেওয়া উচিত, যেন তিনি পৃথিবীতে অবাঞ্ছিত হয়ে যান। একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন, এমন প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, “যদিও আমাদের সাক্ষীর বক্তব্যে ১৫০-২০০ জনকে হত্যার কথা এসেছে। এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন হতে পারে। তাই ট্রাইব্যুনালের কাছে আমাদের আবেদন তাকে এমনভাবে শাস্তি বা দণ্ড দেওয়া উচিত, যেন তিনি গোটা পৃথিবী থেকেই পারসোনা নন-গ্রাটা হয়ে যান। বেঁচে থাকার কোনো অধিকারই তার থাকতে পারে না। কারণ তিনি যেসব মানুষকে হত্যা করেছেন, তাদের কোনো অপরাধ ছিল না। পরে আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ মামলায় প্রসিকিউশনের অনেক সাক্ষী জিয়াউল আহসানের সহকর্মী, তারা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তাদের সামনে বা অংশগ্রহণে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি বলেন, সাক্ষীদের জবানবন্দি থেকে আমরা জানতে পেরেছি, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনও ১১ জন বা এর বেশি মানুষকে নিয়ে যাওয়া হতো। ট্রলারে করে তাদের বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নেওয়া হতো। সেখানে বিভিন্ন ধরনের ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হতো। কাউকে বালিশ ঠেকিয়ে গুলি, কারও পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেন বলে প্রত্যক্ষদর্শী ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে। মামলার তিনটি চার্জে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন সময়ে জিয়াউল আরও ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেন বলে দাবি করেছেন সাক্ষীরা। তবে তদন্তে আমরা ১১৫ জনের হত্যার তথ্য পেয়েছি। এ সংখ্যা চূড়ান্ত নয়, আরও বেশি হতে পারে।