ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : বেতন বাড়ানো ইস্যুতে গাজীপুরের শ্রীপুরে আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। মঙ্গলবার ২৪ নভেম্বর বিকেলে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করতে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষের শুরু হয়। পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করতে আসেন শ্রমিকরা। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের মহাসড়ক অবরোধ করতে নিষেধ করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন শ্রমিকরা। পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ছুড়ে তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ধাওয়া খেয়ে তারা মহাসড়কের আশপাশের গলি, বিভিন্ন আঞ্চলিক সড়কে অবস্থান নেন। সংঘর্ষ চলাকালীন সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
















