ফটিকছড়ি থেকে | সূর্যোদয় : চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার (৪০) নামের পুলিশের এক সোর্সকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। উপজেলার কাঞ্চননগর তেমুহনী বাজারের উত্তর পাশে দিঘিরপাড় এলাকায় তার নিজস্ব ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবছার একই এলাকার মোহাম্মদ সাহাবু চৌধুরীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় দোকানে বসে থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে করে আসা ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, আবছার আমাদের সাপোর্ট দিত। হয়তো সে কারণেই এ ঘটনা ঘটতে পারে। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে শটগানে ২ রাউন্ড এবং নাইন এমএম পিস্তল দিয়ে ২ রাউন্ড গুলি চালায়। এতে তার পায়ের রানে ১ রাউন্ড এবং হাতে ২ রাউন্ড গুলি লাগে। এ ছাড়া গুলির ছররা লেগে তার বুকেও আঘাত লাগে। অন্যদিকে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী মূলত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে পরে জানানো হবে।
১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:























