ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমার করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। রবিবার ২২ নভেম্বর সকালে বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শনিবার ২১ নভেম্বর আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তাররা হলেন, সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তাররা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এদিকে, গত শুক্রবার ২০ নভেম্বর বিকাল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় এবং দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা চলে গেলে ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















