০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ট্রলার ডুবিতে একই পরিবারের আরো ৩ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট: ০১:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 24

সূর্যোদয় ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন নামে একজন। শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে বৈদ্যারবাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- হেলাল উদ্দিনের ছেলে সজীব (২৪), সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ে মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে রওনা হন স্বজনরা। বৈদ্যারবাজারে আসার পথে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ফলে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়। এসময় ট্রলারের আটযাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। পরে রাশিদা নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিখোঁজ ছিলেন হেলাল, তার ছেলে সজিব, সামিন ও মেয়ে সামিয়া। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ একজনের সন্ধানে এখনো অভিযান চলছে।

সর্বাধিক পঠিত