চট্টগ্রাম ব্যুরো : || : টানা ভারী বর্ষণের পর বন্যার প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতু ধসে পড়েছে। ১০ জুলাই শুক্রবার রাত ৪টার দিকে সেতুটি ভেঙে পড়ে। ফলে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই জেলার মধ্যে সাধারণ মানুষ। স্থানীয় সূত্র জানায়, বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত সেতুটির নিচ দিয়ে প্রবাহিত পানির তীব্র স্রোত কয়েক দিন ধরেই বৃদ্ধি পাচ্ছিল। গতকাল শুক্রবার রাতে প্রবল স্রোতের চাপে সেতুর একটি বড় অংশ হঠাৎ ধসে পড়ে। রাঙ্গুনিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, প্রবল পানির স্রোতে গতকাল রাত ৪টার দিকে সেতুটি ভেঙে পড়ে। এসময় সেতুতে যান চলাচল ছিল না। সেতুটি সড়ক ও জনপথ বিভাগের। তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। সেতুটি ভেঙে পড়ায় পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া রাঙ্গুনিয়া উপজেলা হয়ে বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ এখন বন্ধ আছে বলে জানান দেবব্রত দাশ।
০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















