চট্টগ্রাম ব্যুরো : || : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বন্যাদুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন। শুক্রবার ১০ জুলাই সকাল ১০টার দিকে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বাঁশখালীর গুনাগরি ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বিপদে-আপদে অসহায় মানুষের পাশে থাকা সবার কর্তব্য। জামায়াতে ইসলামী নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতায় কাজ করবে। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ ঘরবাড়ি, ফসল ও সহায়-সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পরিদর্শনের সময় তিনি হাঁটু থেকে কোমরসমান পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। তাদের প্রয়োজনের কথা শুনে প্রত্যেক পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাসও দেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।
০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















