মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত থেকেঃ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রত্যেক প্রবাসীই দেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয়। বিদেশে বসে দেশ ও সরকারবিরোধী প্রচারণা বন্ধে এবং প্রবাসে আইনশৃঙ্খলাবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে শক্তিশালী ভূমিকা রাখা প্রবাসীদের দায়িত্ব। বিদেশে বসে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র, অপপ্রচার ও বিষোদগার করে তাদের তালিকা তৈরি করুন, সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সরকারি সফরের শেষদিন স্থানীয় সময় ৯ মার্চ শনিবার রাত সাড়ে ৯টায় আবুধাবির একটি হোটেলে আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ আহ্বান জানান।
এ সময় প্রবাসীদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। সবাই বৈধপথে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনীতিতে সেটি বড় ভূমিকা রাখে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অদম্য উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে চলেছে, মাথাপিছু আয়সহ বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সূচকে গত বছরগুলোতে ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। সারাবিশ্ব বাংলাদেশের পুনরায় নির্বাচিত সরকারের সঙ্গে কাজের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে।
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আবুধাবি শাখা সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বিশেষ অতিথির বক্তব্য দেন।
অন্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শওকাত আকবর, শেখ জায়েদ ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার হাবিবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ফজলুর রহমান চৌধুরী প্রমুখ সভায় বক্তব্য দেন।
মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত 






















