শহীদুল হাকিম চৌধুরী : টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাজধানীর মতিঝিল, শান্তিনগর, কাকরাইল, ধানমন্ডি, পুরান ঢাকা ও মিরপুরসহ বিভিন্ন স্থানে সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে সড়কে পানি জমে থাকায় যানবাহনও কম পাওয়া যাচ্ছে। ফলে রাজধানীর মতিঝিলের অফিস ফেরত মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেকে গাড়ি না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
৯ আগস্ট বুধবার বিকেলে টানা প্রায় দেড় ঘণ্টার চলে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতায় সড়কে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে, যানজটও বেড়ে যায়। বৃষ্টিতে বেশি জলাবদ্ধতা দেখা গেছে শান্তিনগর, নয়াপল্টন, আরামবাগ, মতিঝিল এলাকায়। এই এলাকায় সড়কে হাঁটু পানি জমেছে। এই সড়কে যানবাহন চলাচলেও ধীরগতি রয়েছে। এছাড়া যান স্বল্পতায় বৃষ্টিতে ভিজেও অফিস ফেরত মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। বলাকা চত্বর, শাপলা চত্বর, বাংলামোটর, পল্টন মোড়ে বাড়ি ফেরা মানুষের মানুষের দীর্ঘ লাইন। কিছুক্ষণ পরপর একটি করে গাড়ি আসার সঙ্গে সঙ্গে অপেক্ষারতরা ছোটাছুটি শুরু করেন।
বিকেলের বৃষ্টিতে বন্ধ হয়ে যায় মতিঝিল, পল্টন, গুলিস্তানের ফুটপাতের সব দোকান। দোকানিরা দোকান বন্ধ করে নিরাপদে চলে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি কমলেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতা এবং যানজটের খবর পাওয়া গেছে।




















