সূর্যোদয় ডেস্ক : নারায়ণগঞ্জে বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে কুমিরের দেখা পাওয়া গেছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে স্থানীয় একাধিক বাসিন্দা প্রথমে কুমিরটি দেখতে পান। এরপর রোববার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরের উপস্থিতি নিশ্চিত করেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, গত শনিবার রাতে তিনগাঁও এলাকায় কুমিরটি প্রথম দেখা যায়। পরদিন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন। কুমিরটি উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুমিরটিকে লোকালয়ে চলাফেরা করতে দেখা যায়। কয়েকজন সেটির পেছনে ধাওয়া করছিল। বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রোববার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি ধরার চেষ্টা করেন। পরে ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলও চেষ্টা করে। তবে কুমিরটি আটক করা সম্ভব হয়নি। তিনগাঁওয়ের আশপাশে কোনো নদী নেই বলে জানান এই কর্মকর্তা। ফলে কুমিরটি কীভাবে এখানে এল, তা তাদের কাছেও পরিষ্কার নয়। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















