সূর্যোদয় ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনকে আত্মহত্যার প্ররোচণার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ৪ দিন ও তার প্রথম স্ত্রীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ২১ সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বেলা ৩টা ১২ মিনিটে পুলিশ প্রহরায় তাকে এজলাসে নেওয়া হয়। দুপুর দুইটা ২২ মিনিটে একটি সাদা গাড়িতে করে তাকে আদালত আনা হয়। আদালতে এনে সিএমএমের হাজত খানায় রাখা হয়েছিল। তাকে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন শেরেবাংলা নগর থানা পুলিশের এসআই মো. শামসুজ্জোহা। রিমান্ড শুনানিতে তিনি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ঘটনার সময় নজরুল ও তার স্ত্রী বাসায় উপস্থিত ছিলেন। ঘটনার আগে তিনি ভিকটিমকে ট্র্যাপে ফেলে বিয়ে করেন। বিয়ে করার পর তিনি ও তার প্রথম স্ত্রী মিলে ভিকটিমকে মানসিক নির্যাতন করতেন। যা তার সুইসাইড নোটে প্রমাণ মেলে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড নামঞ্জুর ও জামিন প্রার্থনা করেন। তিনি বলেন, আসামি একজন সংসদ সদস্য। তিনি তার স্ত্রীকে আত্মহত্যা প্ররোচণা দেবেন এমনটা হয় না। তিনি বয়স্ক ও অসুস্থ। তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক গাজী নজরুলের চারদিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। এরপর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।
০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















