সূর্যোদয় ডেস্ক ● বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী অনলাইন প্ল্যাটফর্ম জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর উদ্যোগে সংগঠনের প্রধান উপদেষ্টা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে লন্ডনে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৮ আগষ্ঠ শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি ডিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। অনুষ্ঠানে সংবর্ধিত টুকু পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ ওয়াহিদ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ। সৌদি আরব থেকে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান সংগঠনের মহাসচিব শফিকুল ইসলাম। এরপর সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বক্তব্যে জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু সংগঠনটির কার্যক্রম ও সাংগঠনিক বিস্তৃতির প্রশংসা করেন। তিনি বলেন, দেশ ও দেশের বাইরে সংগঠনের শক্তিশালী নেটওয়ার্ক ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি করেছে। সংগঠনের অভিভাবক হিসেবে তিনি জেডসিএফের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি অনলাইন সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান। এ ধরনের আন্তরিক ও সুন্দর আয়োজনের জন্য জিয়া সাইবার ফোর্সের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিয়া সাইবার ফোর্সের সাবেক চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য জুল আফরোজ মজুমদার, আব্দুস সালাম ফাহিম, এম রাকিবুল হাসান ও শহীদুল ইসলাম লিমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিদুর রহমান, জিয়াউদ্দিন গাজী, তানজিল ইসলাম লিঙ্কন, মাহি আলম, রনি খান, সেলিম মাহমুদ ও সালমান সাদি, জিয়া সাইবার ফোর্সের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক আইয়ুব মোহাম্মদ, ইশফার কবির ফাহিম, তানজিল চৌধুরী ও তারেক আজিজ নাসিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রম, অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠনটির ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় জানানো হয়, দেশের পাশাপাশি বিশ্বের প্রায় ১৪টি দেশে জিয়া সাইবার ফোর্স শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। আন্তর্জাতিক পরিসরে সংগঠনের এই বিস্তৃতি ও কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানজুড়ে আন্তরিক ও পারিবারিক পরিবেশ সৃষ্টি হয়। পরে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:









