সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ১৬ মে বৃহস্পতিবার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পেয়ে নরসিংহপুর-কাশিমপুর সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। নোটিশে বলা হয়, ইথিক্যাল গার্মেন্টস লিমিটেডে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের সিদ্বান্ত অনুযায়ী অত্র কারখানার সব সেকশন আগামী ১৬ মে রোজ বৃহস্পতিবার ইথিক্যাল গার্মেন্টস লিমিটেডের সব শাখা সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।
এ ব্যাপারে সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। শ্রমিকরা জানান, প্রায় প্রতি মাসে বেতন দেওয়ার সময় তালবাহানা করে কারখানা কর্তৃপক্ষ। গত এপ্রিল মাসের বেতন আজ ১৬ তারিখ হলেও পরিশোধ করেনি মালিক পক্ষ। গতকাল ১৫ মে এপ্রিল মাসের বেতন পরিশোধের কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরে আজ শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য কারখানায় গেলে গেটে বন্ধের নোটিশ দেখা যায়।
আশুলিয়া শিল্প-পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার সুব্রত কুমার সাহা বলেন, আমরা প্রস্তুত ছিলাম। শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।




















