সূর্যোদয় প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। নিহত শিশুটির নাম জান্নাতুল (৫)।
এ ঘটনায় লেগুনা চালক বাবা মো. রাসেলকে আটক করেছে পুলিশ। আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মা নাসিমা আক্তার বলেন, হাজারীবাগ বউবাজার খাল পাড়ে আমাদের বাসা। সোমবার সন্ধ্যার দিকে বাসায় এসে রাসেল প্রথমে আমার সঙ্গে এসে ঝগড়া করে। এক পর্যায়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে ফ্লোরে আছাড় মারে। অধিক রক্তক্ষরণ দেখে আমরা মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করি। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মৃত জান্নাতুলের মামা মো. রাহাত জানান, রাসেল ও নাসিমার বাড়ি ভোলা জেলার দক্ষিণ আইচা থানার পশ্চিম চরভূষণ গ্রামে। বর্তমানে হাজারীবাগ বউবাজার খালপাড় এলাকার একটি বাসায় ভাড়া থাকে। জান্নাতুল তাদের একমাত্র সন্তান ছিল। তিনি আরও জানান, দুই মাস আগে গ্রাম থেকে ঢাকায় আসে তারা। এরপর থেকেই হাজারীবাগের ওই বাসায় ওঠে। এর আগেও কয়েকবার জান্নাতুলের মায়ের উপর অত্যাচার করে রাসেল। শেষ পর্যন্ত মেয়েটাকেও মেরে ফেলল।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো রাসেলের। গতকাল বিকেলে শিশুটিকে তার মা নাসিমা ভাত খাওয়াচ্ছিলেন। কিন্তু সে খেতে চাচ্ছিল না। এক পর্যায়ে রাসেল রেগে গিয়ে মেয়েকে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই প্রতিবেশীরা রাসেলকে ধরে থানায় খবর দেন। বর্তমানে রাসেল থানায় আটক আছে।




















