আরব আমিরাত প্রতিনিধি: দায়িত্ব গ্রহণের পর প্রথমবার আজ ৯ ফেব্রুয়ারি শুক্রবার সংযুক্ত আরব আমিরাত আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। এই সফরে প্রতিমন্ত্রী দেশটির রাজধানী আবুধাবি ও দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকে অংশ নেবেন।
আবুধাবির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার লেবার মো. আব্দুল আওয়াল জানান, ১০ ও ১১ ফেব্রুয়ারি সপ্তমবারের মতো অনুষ্ঠিতব্য আবুধাবি ডায়লগে অংশ নেবেন প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে দেশটির শ্রমিক ভিসা বন্ধ ও অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ বঞ্চিত প্রবাসীদের কাছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্ববহ হয়ে উঠেছে। এই সফরে শ্রমবাজারের জন্য ইতিবাচক ফলাফলের আশা করছেন প্রবাসীরা। তবে দেশটিতে থাকা আবুধাবি ও দুবাইয়ের বাংলাদেশ মিশন দুটি জানায়, আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে বাধা নেই বাংলাদেশের। স্নাতক ডিগ্রি সম্পন্ন, পেশাদার ও দক্ষকর্মীর জন্য দেশটিতে এখনও কর্মসংস্থানের সুযোগ রয়েছে।




















