সূর্যোদয় ডেস্ক : || : ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন এই অভিনেতা। পরে দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। জাহের আলভীর পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী শুনানি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। জামিন আবেদনে জাহের আলভীর পক্ষ থেকে দাবি করা হয়, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। প্রেমের বিয়ে করায় ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা থেকে তাকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। এছাড়া মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়। আবেদনে আরও বলা হয়, ২৫ ফেব্রুয়ারি ঈদ উপলক্ষে নাটকের শুটিংয়ের কাজে তিনি নেপালে অবস্থান করছিলেন, সে সময়ই তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আফরা ইভনাত ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। প্রসঙ্গত, জাহের আলভী ও আফরা ইভনাত ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। একই মামলায় ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন দেন।
০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:






















