নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪ জন । ১৭ ডিসেম্বর রোববার রাত সাড়ে ১২টার দিকে কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। শনিবার রাতে বাসায় ফিরে রান্না ঘরের চুলা জ্বালাতে গেলে গ্যাসলাইন লিকেজে রুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা ৪ জন দগ্ধ হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন এন্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
























