চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : কুমিল্লার সুয়াগাজী চেকপোস্টে কাঠবোঝাই ট্রাক আটকে চার লাখ টাকা আদায় করেছেন বন বিভাগের এক কর্মকর্তা ও দুই বনরক্ষী। বৈধভাবে সংগৃহীত কাঠ ঢাকায় নেওয়ার পথে ট্রাক আটক করে মামলা ও কাঠ জব্দের ভয় দেখিয়ে এ টাকা আদায় করেছেন। অভিযুক্ত হলেন সুয়াগাজী চেকপোস্টে কর্মরত ফরেস্ট অফিসার মোঃ নাজমুল হোসেন এবং ফরেস্ট গার্ড আবুল কালাম বাবুল। জানা যায়, গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে বৈধভাবে সংগৃহীত কাঠ একটি খোলা ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন ব্যবসায়ী সিরাজ উদ দোল্যাহ। সকাল আনুমানিক ৮টার দিকে কুমিল্লার সুয়াগাজী চেকপোস্ট অতিক্রমকালে চট্টমেট্রো-১২-১৩৭৫ নম্বরের কাঠবোঝাই ট্রাকটি আটক করেন অভিযুক্ত বন কর্মকর্তারা। ট্রাকটির চালক ছিলেন মোহাম্মদ রাশেদ। এসময় ট্রাকটি ছেড়ে দেওয়ার বিনিময়ে মালিকের কাছে চার লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় কাঠসহ ট্রাক আটক রেখে মামলা দেওয়া এবং ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতিসাধনের ভয় দেখানো হয়। একপর্যায়ে বাধ্য হয়ে সুয়াগাজী চেকপোস্টে কর্মরত ফরেস্ট অফিসার মোঃ নাজমুল হোসেনের দেওয়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মালিবাগ শাখার আমিনা ফেরদৌস নামের এক নারীর হিসাব নম্বরে ৪ লাখ টাকা জমা দেন দেওয়া হয়। বাদী সিরাজ উদ দোল্যাহ চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন চিনকি আস্তানা রেলস্টেশন এলাকার সিরাজ টিম্বার অ্যান্ড ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী। এদিকে অভিযুক্ত বন কর্মকর্তা নাজমুল হাসানের মুঠোফোনে বার বার ফোন দেয়ার পর তিনি ফোন রিসিভ করেননি।
০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
















