০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

  • আপডেট: ০৫:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • 17

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শনিবার ২১ নভেম্বর বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে উৎপাদন কার্যক্রম চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিল্পাঞ্চল পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতো কাজে যোগ দেন। বেশির ভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছিল। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ শুরুর সময় সকাল আটটার পরিবর্তে সকাল সাতটা নির্ধারণের প্রতিবাদে তারা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। পরে তাদের কর্মবিরতির মুখে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে আগামীকাল থেকে সকাল আটটা থেকেই কারখানার কার্যক্রম শুরু হবে বলে শ্রমিকদের জানানো হয়। এ ছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকার আরও কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে সেসব কারখানাও দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, কাঠগড়া এলাকায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সচল কারখানাগুলোর সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে শ্রমিকদের কর্মবিরতির কারণে শনিবার সকালে অন্তত ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়।

সর্বাধিক পঠিত