সূর্যোদয় ডেস্ক : রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে এক ব্যক্তিকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ০৭ জুন, রোববার বিকালে এ ঘটনা ঘটে। এসময় লোকমান (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বেলা আনুমানিক ৩টা ১০ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে ছয়জন অজ্ঞাত ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার সামনে আসে। এ সময় তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর হাত ও পায়ে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই ছিনতাইকারীদের কাছে ছিল কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং তাদের গতিপথ নির্ধারণে কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















