রাজশাহী প্রতিনিধি: স্থানীয়রা ভাঙা রেললাইন তা দেখতে পেয়ে লাল পতাকা টানিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনের প্রায় পাঁচ শতাধিক যাত্রী।
২৯ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। রেললাইন সংস্কারের পর দুপুর থেকে এই পথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন।
রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ট্রেনটি। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে লাল পতাকা টানিয়ে ট্রেনটি আগেই থামিয়ে দিতে সক্ষম হন। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, রেললাইনের একটি পাত কোনোভাবে ভেঙে গিয়েছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামত করা হয়। তিনি আরও বলেন, মেরামত শেষে দুপুর সাড়ে ১২টার পরে আবারও রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।


























