সূর্যোদয় প্রতিবেদক: মাাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। ২৪ অক্টোবর মঙ্গলবার রাতে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বিষয়টি নিশ্চিত করে তার ভাগ্নে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন জানান, মামা রাতে মারা গেছেন। তার মরদেহ আপাতত হিমাঘরে রাখা হয়েছে। এক মেয়ে দেশের বাইরে আছেন। তিনি দেশে আসার পর মরদেহ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী খাজা নার্গিস ও দুই মেয়ে রেখে গেছেন।
জানা যায়, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের বেতগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। সৈয়দ আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের এলজিইডি প্রতিমন্ত্রী ছিলেন। এবং ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।




















