চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ট্রেনের নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার ২২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওই ট্রেনের পরিবর্তে অন্য একটি ট্রেনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, টিউশন শেষে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে উঠতে গিয়ে তিনি আগুন লাগার বিষয়টি জানতে পারেন। এক ব্যক্তি বগির ভেতরে আগুন লাগার কথা জানিয়ে চিৎকার করলে রেলওয়ের এক কর্মী আগুন নেভাতে এগিয়ে যান। পরে তিনিও সহযোগিতা করেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রক্টর অধ্যাপক কামরুল ইসলাম বলেন, ঘটনাটি নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















