মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতে আবারও দু’মাসের জন্য বাড়ানো হয়েছে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইডেন্টিটি সিটিজেনশিপ মন্ত্রণালয় নতুন এ ঘোষণা দেয়। ক্ষমা প্রার্থীদের অনেকে নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সময়সীমা বৃদ্ধির ঘোষণায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণার পর বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সেবা দিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুটি মিশন থেকে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছিল। প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারেন সে লক্ষ্যে মিশনের পাসপোর্ট উইং এবং লেবার উইংকে স্বয়ংক্রিয় করতে জনবলও বাড়ানো হয়েছিল। তবে যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে ৩১ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, তারা এবার নির্বিঘ্নে সুযোগটি গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কর্মকর্তারা জানান, ৩০ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় সেবা নিয়েছেন ৫৫ হাজার ২১৬ জন অভিবাসী। এ সময় প্রবাসীরা ই-পাসপোর্ট গ্রহণ করেছেন ৪১ হাজার ৭০৭, মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন ৬ হাজার ১০০, হাতে লিখা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছেন ৩ হাজার ৩০৭টি। সর্বমোট ৫১ হাজার ১৪৪ জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন।
০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের ক্ষমার মেয়াদ দু’মাস বাড়লো
-
মুহাম্মদ এরশাদুল হক - আপডেট: ০৩:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- 148
সর্বাধিক পঠিত




















