লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তারের (ট্রাক প্রতীক) পক্ষে কাজ করায় আওয়ামী লীগের ১১ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে হলেছেন ভবিষ্যতে তারা দলীয় কোনো পদের জন্য প্রার্থী হতে পারবেন না বলেও সিদ্ধান্ত দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুজ্জামান বেগ বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন পাটোয়ারী, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ পাটোয়ারী, শ্রম সম্পাদক নাছির পাটোয়ারী, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য সামছুল আলম বাবুল পাটোয়ারী, নুরুল আমিন, সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, লোকমান মাস্টার ও মো. খালেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাবের ব্যক্তিগত কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল কাশেম এ সভায় সভাপতিত্ব করেন। অব্যহতিপ্রাপ্ত নেতারা দলীয় কার্যক্রমে পর পর অনুপস্থিত, দলীয় গঠনতন্ত্র পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত রয়েছেন। এতে গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা মোতাবেক ১০ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো কমিটির পদে প্রার্থী হতে পারবেন না।























