সূর্যোদয় ডেস্ক : রাজধানীর গুলিস্তানে হাতাহাতিতে জড়ানো ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মইনুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে দুজনই পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে সিগন্যাল চলাকালীন অবস্থায় একদিক থেকে একটি গাড়ি বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে, যার ফলে তারা সড়কে পড়ে যান। ডিসি মঈনুল হক বলেন, সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে দুই ট্রাফিক পুলিশের হাতাহাতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হতেই পারে। এমনিতেই প্রচণ্ড গরমে ১০ মিনিট সূর্যের নিচে দাঁড়ানো কঠিন, যেখানে ৮ থেকে ৯ ঘণ্টা ডিউটি করতে হয়। কিন্তু হাতাহাতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















