সূর্যোদয় ডেস্ক : রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে হঠাৎ আবহাওয়া বদলে আকাশ অন্ধকার হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত। এদিন সকাল বেলার তুলনায় দুপুর নাগাদ আবহাওয়া বেশ অস্বাভাবিক হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি, কোথাও কোথাও মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত দেখা যাচ্ছে। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফেরার চাপ বাড়ায় সড়ক ও মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। অনেকেই গরু কেনার জন্য হাটে যাচ্ছেন, সেখানেও বৃষ্টি ও কাদা-পিচ্ছিল সড়কের কারণে ভিড় ও দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকাল ৪টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে দুপুর ২টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, চাঁদপুর ও কুমিল্লার কিছু এলাকায় বিকাল ৪টার মধ্যে একই ধরনের আবহাওয়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে, কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















