আন্তর্জাতিক ডেস্ক, সূর্যোদয় : যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। তবে শনিবারের এই আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের দেওয়া ‘পূর্বশর্ত’ মেনে নেওয়ার দাবি জানিয়েছেন গালিবাফ। সূত্র: টাইমস অব ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ইসলামাবাদ থেকে দেওয়া এক বক্তব্যে গালিবাফ দাবি করেছেন, আলোচনার বিষয়ে ইরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই। তিনি আরও যোগ করেন, ওয়াশিংটন যদি একটি ‘প্রকৃত চুক্তির’ প্রস্তাব দেয় এবং ইরানের অধিকার ফিরিয়ে দেয়, তবেই কেবল একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত তেহরান। উল্লেখ্য, গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে দেশটির রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক খাতের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। প্রতিনিধিদলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা পরিষদের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত আছেন।
০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:



















